সরকারি তিতুমীর কলেজে শহীদ মামুন ছাত্রাবাসের সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের শাকিল চত্বরে বৈশাখী হোটেলের সামনে এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সূত্রে জানা গেছে, সিট বরাদ্দের তালিকা প্রকাশের পর থেকেই কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একাংশের অভিযোগ, কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সদস্য সচিব সেলিম রেজা নিজের অনুসারীদের অধিক সংখ্যক সিট নিশ্চিত করেছেন, যা অন্য পক্ষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। এর জেরে শুক্রবার সেলিম রেজার অনুসারীদের ওপর হামলা চালানো হয়।
ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, আক্কাসুর রহমান আঁকী, হল ছাত্রদলের সভাপতি ত্ব-হা আকন্দ, আহ্বায়ক সদস্য রাকিব হাসান, রেজাউল করিম এবং শুভ সরকার।
হামলার অভিযোগ করে হল ছাত্রদলের সভাপতি ত্ব-হা আকন্দ জানান, জলতরঙ্গ ইউনিটের সন্ত্রাসীরা জিহাদ হাওলাদার ও শিহাব উদ্দিন সিয়ামের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। তিনি বলেন, ‘আমাদের নির্মমভাবে মারধর করা হয়েছে, ক্যাম্পাসে আধিপত্য প্রতিষ্ঠার জন্যই এই হামলা।’
একই অভিযোগ করেন যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদও। তিনি দাবি করেন, তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জিহাদ হাওলাদার। তিনি বলেন, ‘আমি কোনো হামলায় জড়িত না। আমার কয়েকজন ছোট ভাই কলেজে পড়ে, তারা হলে সিট পাওয়ার যোগ্য কি না, সেটাই প্রশ্ন।’
এ বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা বলেন, ‘আমি হলে সিট দেওয়ার দায়িত্বে নেই, এটি কলেজ প্রশাসনের বিষয়। কিন্তু জলতরঙ্গ ইউনিট ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আজ তাদের প্রতিষ্ঠাতা হাসানের নির্দেশনায় জিহাদ হাওলাদার ও সিয়ামের নেতৃত্বে হামলা হয়েছে।’
এ ঘটনায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংঘর্ষের পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
