বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তিনিই বোর্ডের ১৬তম সভাপতি।

শুক্রবার সন্ধ্যায় বোর্ড পরিচালকদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান পরিচালক ইফতেখার রহমান। ওই সভায় সহসভাপতি হিসেবে দায়িত্ব পান নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহা।
বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। পরদিন বিকেলে আমিনুল ইসলামকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেয় এনএসসি। এরপর সন্ধ্যায় বিসিবির পরিচালকদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।
২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে শতক হাঁকানো প্রথম ক্রিকেটার ছিলেন আমিনুল ইসলাম। এক যুগের বেশি সময় জাতীয় দলে খেলেছেন তিনি। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ।
২০০২ সালে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন আমিনুল। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। বিসিবিতে যোগদানের আগ পর্যন্ত তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার এবং হাই পারফরম্যান্স ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইসিসির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে।
গত বছরের আগস্টে এনএসসির মনোনয়নে বিসিবির পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমূল আবেদীন। পরিচালকদের সমর্থনে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হলেও, সম্প্রতি তার বিরুদ্ধে অনাস্থা জানান আটজন পরিচালক। বিষয়টি এনএসসিকে জানানো হলে রাতেই তাঁর পরিচালক পদ বাতিল করা হয়, ফলে সভাপতির দায়িত্বও চলে যায়।
নতুন সভাপতি আমিনুল ইসলাম অক্টোবর পর্যন্ত বর্তমান বোর্ডের মেয়াদে দায়িত্ব পালন করবেন।
