বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব থেকে ফারুক আহমেদের সরে দাঁড়ানোর গুঞ্জন জোরালো হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সঙ্গে বুধবার রাতে গোপন বৈঠক করেছেন ফারুক।সেই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা বিসিবির শীর্ষ পদে পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে পরিবর্তনের কারণ জানানো হয়নি বলে ফারুক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

ফারুক মুঠোফোনে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত বলতে রাজি হননি। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিতে মনোনীত দুই পরিচালককে সরিয়ে ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে দায়িত্ব দেয়। পরে পরিচালক পদ থেকেই নির্বাচিত হয়ে বিসিবির সভাপতির দায়িত্ব নেন ফারুক।
আইসিসির নিয়ম অনুযায়ী, সরকারের সরাসরি হস্তক্ষেপে বোর্ড পরিচালনায় বাধা রয়েছে। যদিও ফারুক এনএসসি মনোনীত পরিচালক, তবু তিনি যেহেতু নির্বাচিত সভাপতি, তাই স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অপসারণ কঠিন। এই অবস্থান থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাও এক সময় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।
সূত্র জানায়, ফারুক পদত্যাগের বিষয়ে ভাবনার জন্য কয়েক দিনের সময় চেয়েছেন এবং সিদ্ধান্ত নিলে তা দ্রুতই জানাবেন। এদিকে বিসিবির অন্তর্বর্তী দায়িত্ব তিন মাসের জন্য নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল, যিনি আইসিসির দায়িত্ব থেকে শিগগিরই অবসরে যাচ্ছেন।
তবে বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী সরকারের অন্তর্বর্তী কমিটি গঠনের সুযোগ নেই। আলোচনায় আরও জানা গেছে, আমিনুলের নাম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও বিবেচনায় আছে। তবে তিনি বর্তমান সিইওর তুলনায় দ্বিগুণ বেতন দাবি করেছেন বলে সূত্র জানায়।
তবে আমিনুল এ বিষয়ে মন্তব্যের জন্য ফোনে পাওয়া না গেলেও, ফারুকের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার আলোচনায় তিনি উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করা হয়েছে।
