ছবি: সংগৃহীত
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষাপটে আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট। পাশাপাশি, বাইরে অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সচিবালয়ে প্রবেশ করা যাচ্ছে শুধু কর্মকর্তা-কর্মচারীদেরই। দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আগের দিন রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনার মাধ্যমে। এমনকি সাংবাদিকদেরও আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সাংবাদিকদের প্রবেশ নিয়ে সিদ্ধান্ত আসবে দুপুর ১২টার দিকে।
এর আগে, গতকাল সোমবার সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। আজও একই দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা রয়েছে। শুধু ঢাকাতেই নয়, এ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে সারা দেশের সরকারি অফিসের কর্মচারীদের প্রতি।
সচিবালয়ের কর্মচারীরা জানিয়েছেন, এখন থেকে তাঁরা সম্মিলিতভাবে আন্দোলন চালিয়ে যাবেন ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারে। আন্দোলনকারীদের দাবি, সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ চাকরিজীবীদের নিরাপত্তাহীনতায় ফেলছে এবং এটি অবিলম্বে বাতিল করতে হবে।
সচিবালয়ের এমন উত্তাল পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও উত্তেজনা ও অনিশ্চয়তা এখনও কাটেনি।
