জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম ধাপের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া গেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তবে যেসব বিষয়ে এখনো ঐক্য তৈরি হয়নি, তা ভবিষ্যতে জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. আলী রীয়াজ বলেন, ‘রক্তক্ষয়ী পথ পেরিয়ে আমরা আজকের অবস্থানে এসেছি। এ ধরনের ঐক্যের সুযোগ বারবার আসে না। আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। যা সামগ্রিক রাজনৈতিক সংস্কারের ভিত্তি হতে পারে।’
তিনি জানান, কমিশনের প্রায় ছয় মাস মেয়াদে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। এই আলোচনায় বহু বিষয়ে সহমত গড়ে উঠেছে, আবার কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে। তবে এই মতপার্থক্যও স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করা হবে।
নাগরিক সমাজের ভূমিকা প্রসঙ্গে ড. রীয়াজ বলেন, ‘একটি টেকসই সংস্কার কাঠামো গঠনে কেবল রাজনৈতিক দলগুলোর মত নয়, নাগরিক সমাজের সম্পৃক্ততাও অপরিহার্য। অংশগ্রহণমূলক ঐকমত্য ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।’
আলোচনায় অংশ নেন বিচারপতি আবদুল মতিন, অধ্যাপক ড. গীতিয়ারা নাসরীন, মেজর জেনারেল (অব.) মুনীরুজ্জামান, ড. ওয়ারেসুল করিম, ড. সামিনা লুৎফা, ড. মির্জা হাসান, আশরাফুন নাহার মিষ্টি, বাসুদেব ধর, সুলতানা রাজিয়া ও ইলিরা দেওয়ান।
