৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তির সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রার্থীদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে অনুরোধ করেছে কমিশন।
চিকিৎসক সংকট মেটাতে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৯ মে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এর মধ্যে ২ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে “বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি”র পরিবর্তে “বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি” জমা দিতে হবে।
পিএসসি জানিয়েছে, অনলাইনে আবেদন এবং ফি জমার কার্যক্রম ১ জুন থেকে শুরু হয়ে চলবে ২৫ জুন ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত। যারা শেষ তারিখে (২৫ জুন) ইউজার আইডি সংগ্রহ করবেন, তারা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ জুন ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন।
