ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে হারুনুর রশিদ (৬৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তাঁর বাড়ি বাহ্রা গ্রামে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানিয়েছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে এসে হারুনুর রশিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক নুসরাত তারিন জানান, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন জানান, প্রতিদিনের মতো ভোরে নামাজ শেষে হাঁটতে বেরিয়েছিলেন তাঁর চাচা। এ সময় তিন যুবক তাঁর ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা পরিবারের সদস্যরা বুঝতে পারছেন না
