প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া নির্বাচনের সময়সূচিকে জাতির প্রত্যাশা অনুযায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। কিন্তু প্রধান উপদেষ্টা সে দাবি আমলে নেননি।”
তিনি বলেন, “জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অনেক কিছু বললেও নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে বাস্তবতা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা বাস্তবসম্মত নয়। রমজান মাস শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি, ফলে প্রচার কার্যক্রমের সময় রোজার মধ্যেই পড়বে, যা অযৌক্তিক।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হলে সেটি অধিক গ্রহণযোগ্য হতো। এছাড়া এপ্রিলের ভোটের পর দায়িত্ব নেওয়া নতুন সরকার বাজেটের প্রস্তুতির জন্য সময় পাবে না, যা উদ্বেগজনক।”
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে পরামর্শ করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
