বাংলাদেশ সরকারের সৌজন্য উপহার হিসেবে পশ্চিমবঙ্গে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। উপহারের একটি অংশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ রাখা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। পরে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে এসব আম হস্তান্তর করা হয়।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। উপহারের মধ্যে আম্রপালি ও হাঁড়িভাঙা জাতের আম রয়েছে। এর মধ্যে ১০০ কেজি আম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য নির্ধারণ করা হয়েছে। অবশিষ্ট ৪০০ কেজি রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে।
প্রতি বছরের মতো এবারও এই সৌজন্য উপহার পাঠানো হলেও, স্থানীয় গণমাধ্যমকর্মীদের দাবি, আগের বছরগুলোর তুলনায় এবার বিষয়টি অনেকটা নীরবে সম্পন্ন হয়েছে। সাধারণত এ ধরনের আম পাঠানোর সময় বন্দর কর্তৃপক্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে অবহিত করে থাকে।
বেনাপোল চেকপোস্টের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. আবু তালহা বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য হাঁড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়েছে। তার ভাষ্য, বাংলাদেশের এই ‘ম্যাংগো ডিপ্লোম্যাসি’ দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতীক হিসেবে বিবেচিত হবে।
