জাতীয় সংসদে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি আর অনুসরণ করতে হবে না বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেছেন, সংসদ সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করবেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানান স্পিকার।
স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর বিধিতে সংসদ সদস্যদের সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা উল্লেখ রয়েছে। তবে অষ্টম জাতীয় সংসদের সময় এ বিধি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল।
তিনি জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে যে, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সংশোধনীটি সংসদে উত্থাপিত ও গৃহীত হয়েছিল। সেই সংশোধনের মধ্যেই ২৬৭ (১) বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি অপসারণ করা হয়।
এ কারণে বর্তমান কার্যপ্রণালি বিধিতে মাথা নত করে সম্মান জানানোর কোনো বাধ্যবাধকতা নেই বলে উল্লেখ করেন স্পিকার। তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু বিধি থেকে এ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই সবাই নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।
প্রসঙ্গত, গত ১৬ জুন সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি দাবি করেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং এটি শিরকের কাছাকাছি চলে যায়।
তখন স্পিকার বিষয়টি কার্যপ্রণালি বিধির আলোকে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী সময়ে সংসদকে অবহিত করার আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।
