বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন, তাই মিথ্যাচার বা অপপ্রচার চালিয়ে জনগণের সমর্থন আদায় সম্ভব নয়। তার দাবি, জনগণের মূল আস্থা এখন বিএনপির দিকেই রয়েছে।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে নানা অপরাধের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তাদের মতে, ধর্মকে ব্যবহার করে তারা আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বাস্তবে ইসলামের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে।
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একসময় নির্মূল হওয়া রোগ আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।
ফার্মাসিস্টদের ভূমিকাও প্রশংসা করেন দুদু। তিনি বলেন, আগে যেখানে অনেক ফার্মেসি সন্ধ্যার পর বন্ধ হয়ে যেত, এখন দায়িত্ববোধ থেকে অনেকেই রাতভর সেবা দিয়ে যাচ্ছেন।
জামায়াতের সমালোচনায় তিনি বলেন, ইতিহাসে দলটি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন দুদু। তার মতে, প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিলে একটি পক্ষ তা বাধাগ্রস্ত করতে চায়।
সবশেষে তিনি বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে আইনের আওতায় আনতে হবে এবং নেতাকর্মীদের আশপাশে কোনো অনিয়ম হচ্ছে কি না সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
দেশইনসাইডার/আইএমআর
