ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, দেশে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন বরদাশত করা হবে না। প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন।
সোমবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, “ভারতে কী হচ্ছে, সেটি বড় বিষয় নয়। সেখানে কিছু ঘটছে বলে বাংলাদেশেও তা ঘটবে—এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “প্রয়োজন হলে মন্ত্রিত্ব ছেড়ে দেব, তবুও এ দেশে সংখ্যালঘু কিংবা অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, নির্যাতন বা জুলুম মেনে নেব না।”
এক প্রশ্নের জবাবে তিনি ভারতের গণতান্ত্রিক চর্চার প্রশংসা করেন। একই সঙ্গে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সংলাপে আরও বক্তব্য দেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
