চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, বিএনপি এখন আওয়ামী লীগের প্রভাবে “হাইজ্যাক” হয়ে গেছে এবং দলটির বর্তমান অবস্থান তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে এনসিপিতে নতুন সদস্য যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা নিজেদের অর্থ, শ্রম ও ত্যাগের মাধ্যমে দলটিকে টিকিয়ে রেখেছেন। কিন্তু বর্তমানে দলটির নেতৃত্ব সাধারণ কর্মীদের আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহর ভাষায়, বিএনপির অনেক নেতাকর্মী এখন দলটির বর্তমান অবস্থান নিয়ে হতাশ এবং তারা ব্যক্তিগতভাবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বিএনপি সংস্কারের প্রশ্নে নেতিবাচক অবস্থান নিয়েছে।
তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের যে স্বপ্ন ছিল, বিএনপি সেখান থেকে সরে যাচ্ছে। নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, বর্তমান বিএনপি সেই চেতনার সঙ্গে তাল মেলাতে পারছে না।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তার উপস্থিতিতেই হাসনাত আবদুল্লাহ দাবি করেন, তৃণমূল পর্যায়ে রাজনৈতিক পরিবর্তনের একটি নীরব ধারা শুরু হয়েছে এবং বিএনপির বহু নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে আগ্রহী। তবে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কারণে তারা প্রকাশ্যে তা বলতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।
