জুলাই সংস্কার প্রচার করে ক্ষমতায় এসে বিএনপি এখন ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির বলেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি দেশের জন্য নতুন সংকট তৈরি করছে
সোমবার (৬ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন দিলেও সেই রায় কার্যকর করতে দৃশ্যমান অগ্রগতি নেই। বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি তীব্র ভাষা ব্যবহার করেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের বিষয়টি তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘জুলাই সংস্কার’ থেকে সরে যাওয়া মানে জিয়াউর রহমান-এর আদর্শ থেকেও বিচ্যুতি। তার মতে, আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা জনমনে হতাশা সৃষ্টি করছে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে শিশির মনির বলেন, জনগণ দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রত্যাশা করেছিল, বিশেষ করে ৫ আগস্টের পর। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
‘গুম অধ্যাদেশ’ প্রসঙ্গে তিনি বলেন, এটি কার্যকরভাবে প্রয়োগ করতে হলে আইনে রূপান্তর জরুরি, অন্যথায় সরকারের জবাবদিহি এড়ানো সম্ভব হবে না।
বিএনপির সমালোচনা করে তিনি আরও দাবি করেন, জুলাই আন্দোলনে দলটির নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না, যা আন্দোলনের প্রতি তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে।
শেষে তিনি সতর্ক করে বলেন, যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার আন্দোলনে নামে, তাহলে গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পথ থাকবে না।
