গণভোটের ফলাফল অস্বীকার করা হলে সরকারকে অবৈধ ঘোষণা করে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, গণভোটকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং জনগণের মতামত প্রতিফলনের জন্য আয়োজন করা হয়েছে। তাই এই গণরায় উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী হবে। এমন পরিস্থিতিতে সরকারকে অবৈধ হিসেবে আখ্যা দিয়ে দলটি আন্দোলনে নামবে বলে জানান তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, অতীতে জিয়াউর রহমানের আমলে গণভোটের ভিন্ন উদ্দেশ্য থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তা প্রযোজ্য নয়। তিনি সতর্ক করে বলেন, গণভোটের ফলাফল না মানার দিন থেকেই এনসিপি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
সংবাদ সম্মেলনে তিনি বিএনপির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে বলেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে দলটি আইনবহির্ভূত পদক্ষেপ নিয়েছে।
