জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রয়োজন হলে বিদ্যমান আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও প্রয়োগ করা হতে পারে।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে জ্বালানি তেলের সংকট তৈরি করছে। তিনি বলেন, একই মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন পাম্প থেকে বারবার তেল সংগ্রহ করে তা মজুত করা হচ্ছে, যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।
তিনি আরও জানান, সরকার এতদিন বিষয়টি সহনশীলভাবে দেখলেও এখন কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারার আওতায় কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কালোবাজারি বা মজুতদারির সঙ্গে জড়িত যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, সরকার জনগণের করের অর্থ থেকে জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে, কিন্তু সেই সুবিধা যেন কোনো অসাধু চক্রের হাতে না যায়, তা নিশ্চিত করা হবে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কিছু এলাকায় প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে পেট্রোল পাম্পে নজরদারি বাড়ানো হয়েছে, যার ফলে অনিয়ম কমেছে। এই পদ্ধতি দেশের অন্যান্য এলাকাতেও প্রয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
