গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনাগুলোর তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার (৩ এপ্রিল) পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত এক বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় চলছে এবং সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে, তা একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অংশ ছিল। গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এখন গণতন্ত্রকে আরও সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্যাতনের শিকার সাংবাদিকদের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এসব ঘটনার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ কাজে সাংবাদিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধগুলোর বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
