কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে প্রশ্ন তুলে বলেন , জ্বালানি তেলের সংকটে যে দেশের বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, মন্ত্রী কি তা দেখতে পাচ্ছেন না।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে সম্পূরক প্রশ্নে এ বিষয়টি উত্থাপন করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার দাবি করছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তার মতে, দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং তেল নিতে রাস্তায় দীর্ঘ সারি তৈরি হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এই পরিস্থিতি মন্ত্রীর নজরে আসছে কিনা।
জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগটি নাকচ করে বলেন, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই। প্রতিটি পাম্পে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন তেল সরবরাহ করা হচ্ছে।
মন্ত্রী ব্যাখ্যা করে বলেন, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে গেছে। আগে যে পরিমাণ তেল এক থেকে দেড় দিনে বিক্রি হতো, এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এর ফলে মানুষ আতঙ্কে বেশি করে তেল কিনছে, যার কারণে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।
তিনি আরও জানান, প্যানিক বায়িংয়ের কারণেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি।
দেশইনসাইডার/এমজে
