যুদ্ধবিরতির কোনো প্রস্তাব ইরানের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-এর প্রতিবেদনে বলা হয়, কথিত পাঁচ দফা প্রস্তাবের খবরকে তিনি “মিডিয়ার ভিত্তিহীন অনুমান” হিসেবে উড়িয়ে দিয়েছেন।
আরাঘচি বলেন, আগ্রাসনের জন্য দায়ীদের শাস্তি এবং ইরানের পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত সংঘাত অব্যাহত থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিরাপদ ও অবাধ না হওয়া পর্যন্ত ওয়াশিংটন কোনো যুদ্ধবিরতি বিবেচনা করবে না।
তবে আলাদা এক সাক্ষাৎকারে আল-জাজিরা-কে আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে তেহরানের কোনো আস্থা নেই। তিনি বলেন, ওয়াশিংটন আলোচনা চলছে বলে দাবি করলেও বাস্তবে দুই দেশের মধ্যে বর্তমানে কোনো সংলাপ হচ্ছে না।
এ অবস্থায় দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও জটিল হয়ে উঠছে।
