জাতীয় সংসদ থেকে বিরোধী সদস্যদের ওয়াকআউটের পর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, “বর্তমান পরিস্থিতিতে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলনে যাব।”
তিনি জানান, আন্দোলনের রূপরেখা নির্ধারণে শিগগিরই ১১টি রাজনৈতিক দল একত্রে বৈঠকে বসবে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সংসদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, আইনসভায় জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি। তিনি দাবি করেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়, বরং জনস্বার্থ সংশ্লিষ্ট একটি ইস্যু। সংসদে দাবি আদায় সম্ভব না হওয়ায় জনগণের কাছে ফিরে যাওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫” সংক্রান্ত নোটিশের ওপর সংসদে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। তবে স্পিকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আন্দোলন ও কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়ে উঠেছে।
