
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়বাইশদিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
এ তালিকায় তিনজন ইউনিয়ন পরিষদের সদস্যও অন্তর্ভুক্ত ছিলেন।
ইউপি সদস্যদের মধ্যে বড়বাইশদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইমাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মতি মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মুস্তাফিজুর রহমান সোহাগ উল্লেখযোগ্য।
এ বিষয়ে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ চায় যেখানে জনগণই হবে সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণের সিদ্ধান্তই আগামী দিনের পথনির্দেশনা দেবে এবং ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্বাচিত হবে। ঐক্যবদ্ধ ও সার্বভৌম বাংলাদেশের যে বার্তা বিএনপি দিচ্ছে, জনগণ সেই বার্তার প্রতি আস্থা রাখছে বলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন।
তিনি এই যোগদানকে ইতিবাচক ও সন্তোষজনক বলে মন্তব্য করেন।
