মেট্রোরেলসহ রাজধানীর গণপরিবহনে ব্যবহৃত র্যাপিড পাস ও এমআরটি পাস এবার মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে রিচার্জ করা যাবে। নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা কাউন্টারে না গিয়েই সহজে ও নিরাপদে স্মার্ট কার্ডে টাকা যোগ করতে পারবেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রিচার্জ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই অ্যাপ-ভিত্তিক রিচার্জ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে মেট্রোরেল এবং ভবিষ্যতে অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারে গতি আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ডিটিসিএ জানায়, অ্যাপটির মাধ্যমে র্যাপিড পাস ও এমআরটি পাস নিরাপদভাবে রিচার্জ করা যাবে। ব্যবহারকারীরা রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এছাড়া এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন দিয়ে তাৎক্ষণিক ব্যালেন্স যাচাই করা যাবে এবং বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড ও এএমইএক্স কার্ডসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাবে।
নতুন অ্যাপ ব্যবহারের নিয়ম সম্পর্কে জানানো হয়, সেবাটি নিতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সাইন-আপ করতে হবে। র্যাপিড পাসের ওয়েবসাইটে আগে নিবন্ধিত ব্যবহারকারীরা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইন করার পর পূর্বে সংযুক্ত কার্ড স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এবং প্রয়োজনে নতুন র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড যুক্ত করা যাবে।
কর্তৃপক্ষ জানায়, অনলাইনে একবারে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জ সম্পন্ন হলেও কার্ডটি অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ না করা পর্যন্ত ব্যালেন্স কার্যকর হবে না। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
এছাড়া এক সময়ে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং অনলাইন রিচার্জ রাখা যাবে। কালোতালিকাভুক্ত বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না। অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করার আগে সাত দিনের মধ্যে পেন্ডিং রিচার্জ বাতিলের আবেদন করা গেলেও, সে ক্ষেত্রে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
