
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় স্বদেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি–২০২’ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি লাউঞ্জ অতিক্রম করে দেশের মাটিতে পা রাখার মধ্য দিয়ে তিনি আবারও দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেন।
এরপর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় বুলেটপ্রুফ বাসে করে তিনি রওনা দেন পূর্বাচলের উদ্দেশে। পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখো নেতাকর্মীর অভ্যর্থনা, ভালোবাসা ও স্লোগানের উত্তাল আবেশ পেরিয়ে অবশেষে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক) সংলগ্ন বিশাল গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন তারেক রহমান।
মঞ্চে প্রিয় নেতাকে দেখামাত্রই পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে ‘স্বাগতম, স্বাগতম, তারেক রহমান স্বাগতম’ স্লোগানে। কুড়িল মোড় থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত কয়েক মাইলজুড়ে জনসমুদ্রে পরিণত হয় এলাকা। কনকনে শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মানুষ প্রিয় নেতার এক ঝলক দেখার আশায় সমাবেশস্থলে ভিড় জমান।
সংবর্ধনা মঞ্চটি বাঁশ ও কাঠের সমন্বয়ে দক্ষিণমুখী করে নির্মাণ করা হয়, যার দৈর্ঘ্য ৪৮ ফুট এবং প্রস্থ ৩৬ ফুট। মঞ্চে উঠেই তারেক রহমান সমবেত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায় তাকে।
