আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। এ কারণে ওই এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিয়ে সোমবার একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সকাল ১১টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এতে থাকবে শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, বিকেলে ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যায় ড্রোন শো এবং রাত ৮টায় ব্যান্ড ‘আর্টসেল’-এর পরিবেশনা।
অনুষ্ঠানে জনসমাগমের পরিপ্রেক্ষিতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত অংশে যান চলাচল বন্ধ থাকবে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প পথ নির্দেশনা:
আড়ং ক্রসিং: মোহাম্মদপুর বা উত্তর দিক থেকে ফার্মগেট অভিমুখী যানবাহনকে ধানমন্ডি-২৭ হয়ে মিরপুর রোডে চলাচল করতে বলা হয়েছে।
খেজুর বাগান ক্রসিং: ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহনকে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড ও গণভবন ক্রসিং দিয়ে ধানমন্ডিতে যেতে বলা হয়েছে।
ফার্মগেট ক্রসিং: ফার্মগেট থেকে মিরপুরগামী যানবাহনকে বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
গণভবন ক্রসিং: ফার্মগেট অভিমুখী যানবাহনকে লেক রোড ও উড়োজাহাজ ক্রসিং ব্যবহার করতে হবে।
সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক: আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এ সড়ক দিয়ে যান চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পার্কিং নির্দেশনা:
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের নিজস্ব বা ভাড়া করা যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্ক করার অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, যানজট এড়াতে অনুষ্ঠানস্থলের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতাও কামনা করেছে পুলিশ।
