বৈষম্যবিরোধী ছাত্রনেতা রিয়াদ। ছবি-সংগৃহীত
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক ও প্রায় ২০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয়।
ঘটনার সূত্রপাত ঘটে কিছুদিন আগে, যখন পাঁচ যুবক সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এমপি বাসায় না থাকায় তারা তার স্বামীর কাছেই চাঁদার দাবি তোলেন। পরে তারা ১০ লাখ টাকা সংগ্রহ করে এবং ফের স্বর্ণালংকার নিতে গেলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।
এ ঘটনায় গুলশান থানায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর ছয়জনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযুক্তদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্ত চলছে।
