ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর পদে কোনো ব্যক্তি যেন ১০ বছরের বেশি সময় দায়িত্বে না থাকতে পারেন—এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশের রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়েও সম্মত হয়েছে তারা।
রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এসব তথ্য জানান কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেন, ‘জুলাই সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করা হবে।’
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেন, ‘আমরা আগেই বলেছি, ১০ বছরের বেশি কোনো ব্যক্তি যেন প্রধানমন্ত্রীর পদে বহাল থাকতে না পারেন। এছাড়া সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যদি কোনো কমিটি গঠিত হয়, আমরা তা মানব না। তবে এই হাউজের সম্মতিতে নির্বাচন কমিশন নিয়োগ-সংক্রান্ত বিধান সংবিধানে যুক্ত করলে আমরা তা বিবেচনা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই এই ১০ বছরের বিষয়টি এখনই ঘোষণা দেওয়া হোক, কারণ এটি আমাদের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব।’
আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সামনে একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব উত্থাপন করে। পরে দলগুলো আলোচনার মাধ্যমে প্রস্তাবটির পক্ষে একমত পোষণ করে। তবে কমিশনের গঠন প্রক্রিয়া ও আইনি কাঠামো নিয়ে আরও আলোচনা হবে।
এ বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা পুলিশ কমিশন গঠনের বিষয়ে একমত হয়েছি। এ কমিশন পুলিশের জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং জনবান্ধবতা নিশ্চিত করতে কাজ করবে।’
