ছবি: সংগৃহীত
টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি হু হু করে বাড়ছে। এতে নদীর চরাঞ্চলে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলার কয়েকটি উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেল সোয়া ৩টায় গোমতী নদীর পানি ৮ দশমিক ৫৬ সেন্টিমিটার পর্যন্ত উঠেছে, যা বিপৎসীমার ৩ মিটার নিচে। গোমতীর বিপৎসীমা ১১ দশমিক ৩ সেন্টিমিটার।
কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতীর পানি প্রায় ৫ মিটার বেড়েছে। ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে উজানের পানি গোমতী হয়ে কুমিল্লায় প্রবেশ করছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, “নদীর পানি দ্রুত বাড়ছে। সবাইকে সতর্ক থাকার সময় এখন। বৃষ্টি ও ঢল বন্ধ না হলে বন্যার আশঙ্কা বাড়বে।”
অন্যদিকে, কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জানান, জেলার ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার ও জিআর চাল মজুত রয়েছে।
বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশসহ গোমতী নদীর তীরবর্তী কিছু চরাঞ্চল ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, নদীর পানি আরও বাড়লে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
