চট্টগ্রামে এক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের কর্ণধার আদিল বিন মামুনের অভিযোগ, হামলার আগে নিজেকে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দেওয়া ‘ডেভিড ইমন’ নামে এক ব্যক্তি ফোনে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করায় হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনপুরা এলাকার ডিজিটাল ডট নেট (ডিডিএন) প্রতিষ্ঠানে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। হামলাকারীরা প্রতিষ্ঠানে ভাঙচুরের পাশাপাশি প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে মুখোশ পরা একদল ব্যক্তি প্রতিষ্ঠানে প্রবেশ করে। তাদের কয়েকজনের হাতে পিস্তল এবং অন্যদের হাতে রামদা, শাবল ও ধারালো অস্ত্র ছিল। হামলার সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কম্পিউটার ও ল্যাপটপ ভাঙচুর করা হয়। তবে কর্মীদের ওপর শারীরিক হামলার অভিযোগ পাওয়া যায়নি।
ঘটনার পর সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শামশুদ্দোহা মিনহাজ বাদী হয়ে চকবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ডিডিএনের কর্ণধার আদিল বিন মামুন বলেন, তার কাছে এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপের অডিওতে ‘ডেভিড ইমন’ পরিচয়ধারী ব্যক্তিকে আদিল বিন মামুনকে ব্যবসা বন্ধ করার আলটিমেটাম দিতে শোনা যায়। কথোপকথনে তিনি দাবি করেন, চট্টগ্রামের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তাদের সঙ্গে ‘সমন্বয়’ করে ব্যবসা পরিচালনা করছে। একই সঙ্গে তিনি বলেন, ব্যবসা চালিয়ে যেতে চাইলে ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা দিতে হবে, অন্যথায় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
