বিএনপি ক্ষমতায় এসে জনগণকে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা প্রাঙ্গণে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে তারা এখনো সফল হতে পারেননি। চব্বিশের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, সেই রক্তের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি বলেও স্বীকার করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে এখনো মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। পাশাপাশি বেকারত্ব ও দ্রব্যমূল্যের চাপও আগের মতোই রয়েছে। তার মতে, রাজনৈতিক পরিবর্তন এলেও সমাজের বিভিন্ন স্তরে বিভাজনের রাজনীতি এখনো বিদ্যমান।
চাঁদাবাজি ও অনিয়মের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কাঙ্ক্ষিত পরিবর্তনের বদলে অনেক ক্ষেত্রে শুধু গোষ্ঠী পরিবর্তন হয়েছে। আগে যেসব কর্মকাণ্ড একটি পক্ষ নিয়ন্ত্রণ করত, এখন তা অন্য পক্ষের হাতে চলে গেছে।
কর্মসংস্থান নিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল বেকারদের চাকরির সুযোগ সৃষ্টি। তবে এখনো সে লক্ষ্য অর্জিত হয়নি। সরকারপ্রধান এক কোটি কর্মসংস্থানের ঘোষণা দিলেও গত কয়েক মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে যেন হারিকেন ও মোমবাতি তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের প্রকৃত অবস্থা জানতে তাদের কাছাকাছি যাওয়ার আহ্বান জানান।
এছাড়া তিনি অভিযোগ করেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত না করে সমাজে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।
দেশইনসাইডার/আইএমআর
