বরিশালে ভুয়া বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান।
বরখাস্ত হওয়া তিন সদস্য হলেন— কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং কনস্টেবল সজীব মিয়া। তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত ছিলেন।
এ বিষয়ে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, ভুয়া বিল প্রস্তুত করে মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেছেন ওই তিন কনস্টেবল। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অর্থ আত্মসাতের জন্য তারা অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করেছেন।
উপ-কমিশনার আব্দুল হান্নান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
