রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিয়ে বাড়িতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু, তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
নিহতরা হলেন, সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন গ্রামের বাসিন্দা নির্মল চন্দ্র রায় (৭৫) এবং তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত পেশায় একজন পল্লিচিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশান্ত চন্দ্র রায় তার বাবা নির্মল চন্দ্র রায় এবং পাঁচ বছর বয়সী ছেলে বন্ধন চন্দ্র রায়কে নিয়ে মোটরসাইকেলে করে তুলশীরহাটে একটি বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায়ের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র রায় ও শিশু বন্ধনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নির্মল চন্দ্র রায় মারা যান। আহত শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
গঙ্গাচড়া থানার ওসি আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
