রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের সম্পূর্ণ এলাকা ঢাকা জেলার প্রশাসনিক আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে পূর্বাচল নতুন শহর প্রকল্পের বড় অংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। তিন জেলার প্রশাসনিক সীমার মধ্যে প্রকল্পটি বিভক্ত থাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা সমাধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরো প্রকল্প এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয়, যা নিকার সভায় অনুমোদিত হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, বৈঠকে নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বৈঠকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়।
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবেও সম্মতি দিয়েছে নিকার।
