সরকার গণভোটের রায় অনুযায়ী সংস্কার না করায় বিরোধী দল রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ, ‘জুলাই জাতীয় সনদ’ এবং গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছিল। তিনি জানান, সিপিবি ছাড়া সংলাপে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দল ওই সনদে স্বাক্ষর করেছিল এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিল।
শফিকুর রহমানের অভিযোগ, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ার পরও সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে এগোচ্ছে। এ লক্ষ্যে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা গণভোটের ম্যান্ডেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের পর্যাপ্ত সুযোগ না থাকায় তারা জনগণের দাবিকে সামনে রেখে রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, সংসদে কথা বলতে স্পিকারের অনুমতি প্রয়োজন হলেও জনগণের মাঝে নিজেদের অবস্থান তুলে ধরতে কোনো অনুমতির প্রয়োজন হয় না।
বিশেষ কমিটির পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তাই সেই রায় বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব। তবে চলমান সংকট সমাধানে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
দেশে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে শফিকুর রহমান বলেন, যথাযথ সংস্কার বাস্তবায়িত না হলে দেশ বারবার রাজনৈতিক সংকটে পড়বে।
এ সময় অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
