সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম।
সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজা সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দেশের অন্যতম বৃহৎ স্থাপনা পদ্মা সেতুকে ঘিরে একটি জাদুঘর আরও আগেই প্রতিষ্ঠা করা উচিত ছিল। কেন আগের সময়ে এ উদ্যোগ নেওয়া হয়নি, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর ইতিহাস, নির্মাণ প্রক্রিয়া ও গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের কথা উল্লেখ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্ব দেন শেখ রবিউল আলম। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমেই পরিবেশ রক্ষা সম্ভব।
