প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার আগামী তিন মাস বিশেষ সহযোগিতা দেবে।জাতীয় সংসদে জরুরি জনস্বার্থ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে কলিম উদ্দিন বলেন, অবিরাম বৃষ্টির কারণে সুনামগঞ্জসহ বিভিন্ন হাওড় এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যেও মাঠে নেমে ধান কাটতে বাধ্য হচ্ছেন। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী কলিম উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, কয়েকদিন আগেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
হাওড় এলাকার কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে সেখানে ভুক্তভোগী কৃষকদের খুঁজে বের করে আগামী তিন মাস ধরে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
