বাংলাদেশে প্রচলিত আইন পরিবর্তন করে কোরআনের আইন চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে মুজিবুর রহমান। তিনি বলেন, মানুষের তৈরি আইনের পরিবর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের এ নেতা দেশে ইসলামী আইন বাস্তবায়নের লক্ষ্যে একটি ইসলামী বোর্ড গঠনের প্রস্তাব দেন। তার মতে, সংসদের মাদ্রাসাশিক্ষিত সদস্য এবং দেশের বিভিন্ন ধারার আলেমদের সমন্বয়ে এমন একটি বোর্ড গঠন করা হলে তারা ইসলামী আইন প্রণয়ন ও বাস্তবায়নে দিকনির্দেশনা দিতে পারবেন।
তিনি আরও বলেন, মানুষের জীবন শুধু দুনিয়াকেন্দ্রিক নয়, আখেরাতের চিন্তাও সমান গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, প্রকৃত সফলতা অর্জিত হবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের মাধ্যমে।
মুজিবুর রহমানের দাবি, দেশের অধিকাংশ মানুষ কোরআনে বিশ্বাসী হওয়ায় এর বিধান বাস্তবায়ন করা উচিত ছিল। তিনি বলেন, কোরআনে বহু নির্দেশনামূলক আয়াত রয়েছে, যেগুলো রাষ্ট্র পরিচালনায় প্রয়োগ করা সম্ভব।
এ সময় তিনি আরও বলেন, ক্ষমতায় থাকা সরকারগুলো এখন পর্যন্ত কোরআনের কোনো আইন কার্যকর করেনি, যা তার মতে দুঃখজনক। তিনি প্রশ্ন তোলেন, কেন নামাজ, জাকাতসহ ইসলামী বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা হয়নি।
তিনি সমাজে সুদ, ঘুষ, মদ, জুয়া, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার মতে, এসব অপরাধ কোনো দলের পরিচয়ে নয়, অপরাধ হিসেবে বিবেচনা করে দমন করতে হবে।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, গণভোট ও শপথের বিষয়টি স্পষ্টভাবে বাস্তবায়ন না হলে জটিলতা তৈরি হতে পারে। তাই এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেন।
এছাড়া ‘জান্নাতের টিকিট’ বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোরআনের আয়াত ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, তাদের দলের কেউ এ ধরনের বক্তব্য দেয়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের জবাব দেওয়ার আহ্বান জানান।
দেশইনসাইডার/আইএমআর
