জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই শক্তিকেই কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সংসদকে দেশের সব গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, সরকার চায় সংসদের ভেতরেই সব নীতিনির্ধারণী আলোচনা হোক এবং বাইরে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি।
বর্তমান সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সংকট নিয়ে নানা আলোচনা থাকলেও বোরো মৌসুমে কৃষিতে এর নেতিবাচক প্রভাব পড়েনি। ১৪ এপ্রিলের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে আনা হয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল। পুলিশকে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে এবং নৈতিকভাবে উদ্বুদ্ধ করার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করা হচ্ছে।
সবশেষে তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব পর্যায়ে সচেষ্ট রয়েছে।
