বরিশাল নগরের ব্যস্ত সদর রোডে প্রকাশ্য দিবালোকে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর নেতাকর্মীরা।
শুক্রবার জুমার নামাজের পর এই আকস্মিক মিছিল নগরজুড়ে উত্তেজনার সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বেলা আড়াইটার দিকে নগরের বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের দিকে অগ্রসর হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। একই দাবি তাদের বহন করা ব্যানারেও উল্লেখ ছিল।
মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয়। অংশগ্রহণকারীরা কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়েন এবং এলাকা ত্যাগ করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, এতে প্রায় ৩০ জন অংশ নেন। তাদের বেশ কয়েকজন মুখে মাস্ক ও চশমা পরিহিত থাকায় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। উল্লেখযোগ্য কোনো নেতাকেও মিছিলে দেখা যায়নি।
ঘটনাটি ঘটেছে থানার অদূরেই, যা নিয়ে স্থানীয়দের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মিছিল শেষ হওয়ার পর নগরীতে পুলিশি টহল জোরদার করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়নি।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম জানায়, নগরে ছাত্রলীগের কোনো সক্রিয় কার্যক্রম নেই। তার ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের সময়কে সুযোগ হিসেবে বেছে নিয়ে কিছু কর্মী হঠাৎ জড়ো হয়ে মিছিল করে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছত্রভঙ্গ হয়ে যায়। তিনি আরও বলেন, ভিডিও ও ছবি বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
