বর্তমানে ক্রিকেটেই মনোযোগী থাকলেও ভবিষ্যতে রাজনীতিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালু হলে আবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ দেখছেন।
একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় তিনি খেলাধুলাতেই সময় দিচ্ছেন। তবে দল সক্রিয় হলে রাজনীতিতে ফিরে মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে তার।
তিনি মনে করেন, ক্রিকেট ক্যারিয়ার সীমিত সময়ের হলেও রাজনীতি দীর্ঘমেয়াদে করা সম্ভব। তাই আপাতত খেলায় মনোযোগ ধরে রাখতে চান।
দীর্ঘদিন দেশে ফিরতে না পারার প্রসঙ্গে সাকিব বলেন, দেশের বাইরে থাকলে স্বাভাবিকভাবেই দেশের জন্য টান অনুভব হয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলমান আইনি প্রক্রিয়া দ্রুত শেষ হলে শিগগিরই দেশে ফিরতে পারবেন।
বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে না পারাকে হতাশাজনক হিসেবে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে তৎকালীন সরকারের সিদ্ধান্তের প্রভাব ছিল বলে মন্তব্য করেন সাকিব।
নিজের ক্যারিয়ার প্রসঙ্গে তিনি বলেন, খেলার প্রতি তার আগ্রহ এখনো অটুট রয়েছে এবং যতদিন এই আগ্রহ থাকবে ততদিন মাঠে থাকার চেষ্টা করবেন।
উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সাবেক ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। সে সময় তার নীরবতা নিয়ে সমালোচনা হলেও পরবর্তীতে দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়।
