
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার কল্পনা করেছিল। তিনি বলেন, তিনি কথা বলতে এসেছেন সেইসব মানুষের পক্ষে, যাদের বছরের পর বছর ‘আয়নাঘরে’ তুলে নিয়ে গুম করে রাখা হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহের ওয়াজির আলী হাইস্কুল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে দেশের চিত্র আমূল বদলে দেওয়া হবে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতিবাজদের কালো টাকা বের করে আনার কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, দুর্নীতিবাজদের হাত ভেঙে ব্যান্ডেজ পরিয়ে দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়।
বেকার যুবকদের উদ্দেশে তিনি বলেন, তারা ভাতা দিয়ে যুবসমাজকে অপমান করতে চান না। যুবকদের চাহিদা কাজ, ভিক্ষা নয়। তাই জামায়াত বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়। তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই ১০ টি দল একত্রিত হয়েছে।
চাঁদাবাজদের উদ্দেশে কড়া ভাষায় ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর ঝিনাইদহে চাঁদার হার বেড়েছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষ কষ্ট করে জীবিকা নির্বাহ করে, সেখানে চাঁদা আদায় অপরাধ। চাঁদাবাজি না করে ভিক্ষা করার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, বিভাজন নয়, অনৈক্য নয়—একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। ২০২৪ সালে একটি বিপ্লব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি আরেকটি বিপ্লব ঘটাতে হবে। ১৮ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চায় জামায়াত।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী মাওলানা মতিয়ার রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী মাওলানা আবু তালিব, শৈলকূপা উপজেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-১ আসনের প্রার্থী এএসএম মতিউর রহমান, জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।
