
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, আজ রাতের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
তিনি জানান, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট সময় বলা সম্ভব হচ্ছে না, কারণ ব্যালটের পাঁচটি পাতাকে আলাদা করে মেশিনে দেওয়ার প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ।
দিনভর ভোটগ্রহণ শেষে ভোট গণনার কাজ চলছে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে। সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীরা সিনেট ভবন এলাকায় জড়ো হতে থাকেন, তবে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে চূড়ান্ত গণনা শেষ হয়নি।
বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা বিরাজ করছে। বিএনপি, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ও নীলক্ষেত এলাকায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, তারা যেন বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে ভিড় না করে।
