ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশবাসীর সামনে নতুন একটি শক্তির উত্থান ঘটানোর সুযোগ এসেছে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের আহ্বান জানান, যেখানে স্বৈরাচার, দুর্নীতি ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নড়াইল শহরের মুক্তমঞ্চে এক পথসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর আমাদের স্বপ্ন ছিল— দলমত নির্বিশেষে দেশটাকে পুনর্গঠন করব। কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো সে দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণঅভ্যুত্থানকে কিছু রাজনৈতিক দল কেবল ক্ষমতা পরিবর্তনের ঘটনা হিসেবেই দেখছে, কিন্তু এনসিপির মতে এটি ছিল একটি নতুন, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি গড়ার আন্দোলন।
তিনি বলেন, “এক বছরেও আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ পাইনি। তাই আবার রাস্তায় নেমেছি।”
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “যদি আপনারা আবারও আমাদের ওপর আস্থা রাখেন, আমরা পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করব।”
নাহিদ ইসলাম বলেন, “গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের দাবি আমরা তুলেছি। কিন্তু এখনও সেগুলোর কোনো বাস্তবায়ন হয়নি। সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলো বিচার ও সংস্কারের চেয়ে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করছে।”
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “নির্বাচন আমরাও চাই। তবে তা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের ভিত্তিতে হতে হবে।”
