যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। রোববার (২২ জুন) এক বিবৃতিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানায়, বিদেশি হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে তাদের এই কর্মসূচি থামানো যাবে না।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “শত্রুদের সকল অপচেষ্টা ও ষড়যন্ত্র সত্ত্বেও, আমাদের জাতীয় পরমাণু শিল্পের অগ্রযাত্রা থামবে না। এই পথ আমাদের পরমাণু শহীদদের আত্মত্যাগের রক্তে গড়া।”
বিবৃতিতে ইরানের জনগণের উদ্দেশে আরও বলা হয়, বিদেশি আক্রমণ বা রাজনৈতিক চাপের মুখেও দেশটির পরমাণু উন্নয়ন পরিকল্পনা অব্যাহত থাকবে এবং এই অগ্রগতি কেউ থামাতে পারবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়—ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান—একযোগে সফল হামলা চালিয়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে যায় এবং আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা গভীরতর হয়।
