বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দাবি করেছেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস একসময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দিক হারিয়ে ফেলেছিলেন এবং সেই প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডনে গিয়েছিলেন।
গত বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি।
ফজলুর রহমান বলেন, ড. ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনার অনুরোধ জানিয়েছিলেন। সেই বৈঠক শুক্রবারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “ড. ইউনূস আমার চেয়ে বয়সে বড়, একজন নোবেলজয়ী ব্যক্তি। আশা করি, তিনি সত্যনিষ্ঠ থেকে তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট নিরসনের পথ খুঁজে বের করবেন। আমরা আর সংঘাত চাই না। দেশের মানুষ এখন কেবল ভোটাধিকার ফিরে পেতে চায়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন এবং মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম প্রমুখ।
