ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কিছু এলাকায় হতে পারে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি। তবে সার্বিকভাবে তাপমাত্রা কিছুটা বেড়ে আবহাওয়া তুলনামূলক গরম থাকতে পারে।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঈদের দিন দেশের সার্বিক আবহাওয়া তুলনামূলকভাবে গরম থাকতে পারে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি বর্তমানে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।
ঈদের পরদিন (রোববার) দেশের আটটি বিভাগের কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে রাতের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে এবং তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
