আসন্ন ঈদুল আজহার কোরবানিকে কেন্দ্র করে রাজধানীর সবচেয়ে বড় গাবতলী পশুর হাটে ইতোমধ্যে ৮ হাজারের বেশি গরু এসে পৌঁছেছে। তবে পর্যাপ্ত পশু থাকলেও বৃষ্টির কারণে ক্রেতা সমাগম কম, ফলে অলস সময় পার করছেন অনেক বেপারি।
সোমবার (২ জুন) সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও পিকআপে গরু আসছে। হাটের নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবকরা তৎপর। হাটে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো পশুবাহী যান।
গাবতলী হাটের একাধিক জায়গা এখনো খালি রয়েছে। সেখানে বালি ও বাঁশ দিয়ে গরু রাখার জায়গা তৈরি করা হচ্ছে। তবে হাট ব্যবস্থাপনায় বেপারীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন, বৃষ্টির হাত থেকে গরু রক্ষায় ত্রিপল ও বালির ব্যবস্থা রয়েছে।
রাজবাড়ী থেকে গরু এনেছেন মো. আসলাম বলেন, “ভালো জায়গা পাওয়ার আশায় আগে চলে এসেছি। তবে ক্রেতা এখনো কম। যারা আসছেন তারাও শুধু দেখে যাচ্ছেন।”
খামারি আরিফুর রহমান জানান, “সব গরুই নিজের খামারের। দাম না পেলে বিক্রি করব না। হাট জমতে আরও সময় লাগবে।”
একজন ক্রেতা, সরকারি চাকরিজীবী আব্দুল হামিদ, বলেন, “প্রতি বছর এখান থেকেই গরু কিনি। এবার আগে এসেছি বাজার বোঝার জন্য। ভালো গরু এসেছে, দামও বোঝার চেষ্টা করছি।”
হাট ইজারাদারের পক্ষ থেকে মিডিয়া প্রতিনিধি ইয়াহিয়া সামি জানান, “বৃষ্টির কারণে কিছু অসুবিধা হলেও হাটে সেবার ঘাটতি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল কাজ করছে। ২-১ দিনের মধ্যে হাট জমে উঠবে বলে আশা করছি।”
সূত্র: ঢাকা মেইল
