ছবি: সংগৃহীত
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনরত কর্মচারীরা।
আজ সোমবার সচিবালয়ের বাদামতলায় বিক্ষোভ সমাবেশ শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দপ্তরে এই স্মারকলিপি দেওয়া হয়। তবে স্মারকলিপি প্রদানকালে উপদেষ্টারা দপ্তরে উপস্থিত ছিলেন না।
সমাবেশে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা বলেন, “অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
ফোরামের কো-চেয়ারম্যান বাদীউল কবীর বলেন, “এই কালো আইনকে সরকারি কর্মচারীরা ধিক্কার জানাচ্ছেন। সরকার যদি কর্মচারীদের ধৈর্যকে দুর্বলতা ভাবে, তাহলে সেটি বুমেরাং হয়ে আসবে।”
ঐক্য ফোরামের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছেও স্মারকলিপি দেওয়া হবে।
এর আগে গতকাল রোববার বিদ্যুৎ, সড়ক ও রেলপথ উপদেষ্টাসহ আরও কয়েকজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এক সপ্তাহেরও বেশি সময় ধরে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে এ সময়েই অধ্যাদেশটি জারি করা হয়, যার পর থেকে চলছে বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি।
