ছবি: সংগৃহীত
মাগুরা পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চার সেল থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আটক পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসতিয়াক আহমেদ শান্ত নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটক শান্ত মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানজেল হোসেনের ভাতিজা। তার বাড়ি শহরের বাসুদেবপুর এলাকায়। অভিযানে নেতৃত্ব দেয় মাগুরা সেনা ক্যাম্পের একটি দল।
উদ্ধার হওয়া ব্যবসায়ীরা হলেন—রাজীব সরদার, হৃদয় সরদার, বাবু শেখ, ওসমান শেখ এবং রিয়াদ ইসলাম। তাঁরা গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের বাসিন্দা। গত ২১ মে ইলেকট্রনিক পণ্য ফেরি করে বিক্রির উদ্দেশ্যে মাগুরা এসে শান্তর খপ্পরে পড়েন তারা। শান্ত কৌশলে তাদের সাজিয়াড়ার এসএম ছাত্রাবাসে নিয়ে গিয়ে আটকে রাখেন এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
ব্যবসায়ীরা মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে শান্ত ও তার সহযোগীরা তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত পালাক্রমে চালানো হয় এই নির্যাতন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই ছাত্রাবাসটি আগে এক প্রবাসীর মালিকানাধীন ছিল। তবে ৫ আগস্টের পর শান্ত জোরপূর্বক দখলে নিয়ে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত করে।
ব্যবসায়ীদের আটকে রেখে উচ্চ শব্দে মিউজিক বাজিয়ে নির্যাতনের ঘটনাও ঘটানো হয় বলে স্থানীয়দের অভিযোগ। সেনা অভিযানে মাদকসহ বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগীদের পুলিশ হেফাজতে দেওয়া হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য মিলেছে। তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
