ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা। মামলায় ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ মোট ৮ জন নেতা।
এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের নেতাকর্মীরা শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, একদল হামলাকারী অতর্কিতভাবে তাদের ওপর আক্রমণ চালায়।
হামলায় ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন।
এছাড়া হামলার সময় একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স, মেমোরি কার্ড, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে মামলায় দাবি করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের আগে এনসিপি নেতাকর্মীদের প্রাণনাশের হুমকিও দেয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এনসিপির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর সেটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
