অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা ও মানবাধিকার সংগঠন অধিকার–এর সম্পাদক আদিলুর রহমান খান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় হয়রানির অভিযোগ তুলেছেন।
সোমবার (২ মার্চ) নেপালের জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে তিনি বিমানবন্দরে গেলে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চ (এসবি) কর্মকর্তারা তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন এবং বিভিন্ন প্রশ্ন করেন বলে অভিযোগ ওঠে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদ্য বিদায়ী উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে ইমিগ্রেশনে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়। আদিলুর রহমান দাবি করেন, তিনি সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করলেও তাকে অযাচিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তবে স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কাগজপত্র যাচাই-বাছাই করতে যত সময় প্রয়োজন ছিল ততটুকুই নেওয়া হয়েছে। কোনো ধরনের হয়রানি করা হয়নি বলেও তিনি দাবি করেন। পরে ঊর্ধ্বতন নির্দেশনা পাওয়ার পর তাকে নেপালে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল বলেন, আদিলুর রহমান খান ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বোর্ডিং পাস সংগ্রহ করেছেন এবং নির্ধারিত ফ্লাইটে নেপাল যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তথ্য: দেশ রুপান্তর
